
এডিসির নির্বাচনী দামামা বেজে উঠতেই ডেমচেরা-কাচুচেরা নির্বাচনী কেন্দ্রে পারদ চড়ছে। প্রচার ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই আবহে আজ ডেমচেরা-কাচুচেরা কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা নিজের এলাকায় জোরকদমে বাড়ি বাড়ি প্রচার সারলেন। একদিকে যখন বিরোধীরা অভিযোগের বাণ ছুঁড়ছে, তখন সাধারণ মানুষই যেন হয়ে উঠলেন ধীরেন্দ্রর ঢাল।
ডেমচেরা-কাচুচেরা টিটিএএডিসি কেন্দ্রের প্রতিটি গ্রাম এবং পাড়ায় এখন শুধুই নির্বাচনী উন্মাদনা। তিপ্রা মথা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা আজ সকাল থেকেই অনুগামীদের নিয়ে নেমে পড়েন প্রচার অভিযানে। লক্ষ্য একটাই— সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে বুবাগ্রার বার্তা পৌঁছে দেওয়া। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।প্রচারের সময় এলাকাবাসীর মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ। বিশেষ করে মহিলা এবং যুবকদের মধ্যে প্রার্থীকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা গেছে। ধীরেন্দ্র দেববর্মা এদিন মানুষের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন এবং আশ্বাস দেন বুবাগ্রার লড়াইয়ের পাশে থাকতে।তবে এই প্রচারের মাঝে উঠে আসে রাজনীতির অন্য সমীকরণ। বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা তিপ্রা মথার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। কিন্তু আজ প্রচারে দেখা গেল ভিন্ন ছবি। বিজেপি প্রার্থীর তোলা সব অভিযোগের জবাব দিলেন খোদ সাধারণ মানুষই। স্থানীয়দের দাবি, তারা উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তিপ্রা মথার ওপরই আস্থা রাখছেন। বিরোধীদের কোনো অভিযোগই তাদের সিদ্ধান্তে চিড় ধরাতে পারবে না।দলীয় সূত্র এবং বর্তমান পরিস্থিতি বলছে, ডেমচেরা-কাচুচেরা কেন্দ্রে ধীরেন্দ্র দেববর্মার এই ক্রমবর্ধমান জনসমর্থন বিরোধীদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। জয়ের সম্ভাবনাও দিন দিন আরও জোরালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এখন দেখার, ভোটবাক্সে এই জনসমর্থন কতটা প্রতিফলিত হয় এবং ডেমচেরা-কাচুচেরা কেন্দ্রের মানুষ শেষ পর্যন্ত কার মাথায় শেষ হাসি ফোটান।