ত্রিপুরা
img

মানদাই-পুলিনপুরে তিপ্রা মথার শক্তিবৃদ্ধি

এডিসি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত ত্রিপুরার পাহাড়ি রাজনীতি। একদিকে যখন রাজনৈতিক দলগুলো প্রচারে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক তখনই দলবদলের পালায় বড়সড় ঝটকা খেল বিজেপি। মান্ডাই-পুলিনপুর কেন্দ্রে জিতেন দেববর্মার উপস্থিতিতে গেরুয়া শিবির ছেড়ে তিপ্রা মথায় যোগ দিলেন ৯ জন ভোটার।
নির্বাচনী দামামা বাজতেই কোমর বেঁধে মাঠে নেমেছে তিপ্রা মথা। ১৬ নং মান্ডাইনগর-পুলিনপুর টিটিএএডিসি কেন্দ্রের প্রার্থী জিতেন দেববর্মা আজ দুস্কি হাতি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বুবাগ্রার 'থানসা' বা ঐক্যের বার্তা পৌঁছে দেন তিনি।প্রচারের মাঝেই উত্তর পুলিনপুর এলাকায় বড়সড় সাফল্য পায় মথা শিবির। সেখানে বিজেপি ত্যাগ করে ৪টি পরিবারের ৯ জন ভোটার মথার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেন। প্রার্থী জিতেন দেববর্মা নিজে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। নবাগতদের দাবি, এলাকার উন্নয়ন এবং নিজেদের অধিকার রক্ষায় বুবাগ্রার আহ্বানে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত।
এদিনের এই কর্মসূচিতে জিতেন দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার একাধিক স্থানীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই যোগদান মান্ডাই-পুলিনপুর এলাকায় তিপ্রা মথার সংগঠনকে যেমন শক্তিশালী করল, তেমনি বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।