
রাজ্যে নির্বাচনী উত্তাপের মাঝেই রাইমা ভ্যালি এলাকায় বড়সড় রাজনৈতিক রদবদল। কংগ্রেস শিবিরে বড়সড় ধস নামিয়ে তিপ্রা মথা দলে যোগ দিলেন কংগ্রেস ব্লক সভাপতি মধুসা ত্রিপুরা। শুধু মধুসা একাই নন, তাঁর সাথে পুরো টিম আজ আনুষ্ঠানিকভাবে মথার ঝাণ্ডা তুলে নিলেন। এই যোগদান রাইমা ভ্যালির রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেবে?
ভোটের প্রাক্কালে বড়সড় ধাক্কা খেল রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস। এলাকায় প্রভাবশালী কংগ্রেস নেতা তথা ব্লক সভাপতি মধুসা ত্রিপুরা আজ ঘাসফুল ও তেরঙার মায়া কাটিয়ে শামিল হলেন তিপ্রা মথায়। এদিন ২৪ নং রাইমা ভ্যালি টিটিএএডিসি কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরার হাত ধরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। মধুসা ত্রিপুরার সাথে তাঁর অনুগামী এবং কংগ্রেসের একঝাঁক সক্রিয় কর্মী এদিন মথার পতাকা হাতে তুলে নেন।মধুসা ত্রিপুরার এই দলত্যাগকে কেন্দ্র করে রাইমা ভ্যালির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিপ্রা মথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়ে জানান, এই যোগদানের ফলে এলাকায় দলের সংগঠন আরও মজবুত হল। তাঁর দাবি, পাহাড়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে মথার ওপর মানুষের আস্থা দিন দিন বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্লক সভাপতির সপরিবারে দলত্যাগ কংগ্রেসের জন্য এক বড় ক্ষতি। অন্যদিকে, নির্বাচনের ঠিক আগে রাইমা ভ্যালি কেন্দ্রে তিপ্রা মথার পালে নতুন করে হাওয়া লাগবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই দলবদল নির্বাচনের ফলাফলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।