
শুক্রবার খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া এই বৈঠকে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ও রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মূলত ৯ নম্বর হালাহালি-আশারামবাড়ি এবং ১২ নম্বর রামচন্দ্রঘাট এডিসি কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নির্মল কুমারসহ পুলিশ ও সিভিল প্রশাসনের একাধিক আধিকারিক।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের তরফে জানানো হয়, প্রতিটি বুথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারি চালানো হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।পাশাপাশি, সিভিল ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সেক্টর অফিসারদের তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পুনরায় অবগত করা হয় এই বৈঠকে। প্রশাসনের দাবি, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য নেওয়া হয়েছে সবরকম প্রস্তুতি।