ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন; চৈত্র মেলায় খুশির হাওয়া ব্যবসায়ী মহলে।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই উৎসবের তালিকায় অন্যতম আকর্ষণ হলো চৈত্র সেল বা চৈত্র মেলা। প্রতি বছরের মতো এবারও আগরতলায় শুরু হচ্ছে চৈত্র মেলা। তবে এবারের মেলা কিছুটা স্পেশাল। শহরের যানজট কমাতে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে আগরতলা পুর নিগম নিয়েছে এক অনন্য উদ্যোগ। আজ সন্ধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। 
পঞ্জিকার পাতায় চৈত্র মাস আসতেই বাঙালির কেনাকাটার ধুম পড়ে যায়। সেই চৈত্র সেলের আমেজ এবার আগরতলার শিশু উদ্যানে। বৃহস্পতিবার সকাল থেকেই মেলার প্রস্তুতি তুঙ্গে। ছোট বড় রকমারি পণ্যের পসরা সাজিয়ে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছেন দোকানিরা।বিগত বছরগুলোতে শকুন্তলা রোড এবং শহরের ব্যস্ততম এলাকাগুলোতে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দোকান বসাতেন। কিন্তু তাতে একদিকে যেমন যানজটে শহরবাসী নাজেহাল হতো, অন্যদিকে ব্যবসায়ীদেরও সমস্যার সম্মুখীন হতে হতো। সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে আগরতলা পুর নিগম। যানজটমুক্ত শহর উপহার দিতে মেলাটিকে সরিয়ে আনা হয়েছে শিশু উদ্যানে।
নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৮০০টি স্টল সম্পূর্ণ বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। শুধু জায়গাই নয়, পর্যাপ্ত আলোর জন্য বৈদ্যুতিক ব্যবস্থাও করে দেওয়া হয়েছে নিগমের তরফ থেকে। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রশাসনিক এই উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা দিয়েছে।