
রাজ্যে বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সম্পন্ন হলো ত্রিপুরা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি এম এস রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিনের শুনানিতে আবেদনকারী বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যদের আবেদন আগামী ৩ মাসের মধ্যে বিশেষভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
দীর্ঘদিন ধরেই রাজ্যে বেআইনি অনুপ্রবেশ একটি সংবেদনশীল ইস্যু। এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল আজ উচ্চ আদালতে। এদিন শুনানির পর আদালত স্পষ্ট নির্দেশ দেয় যে, আবেদনকারী বিধায়ক রঞ্জিত দেববর্মা, হাজরা দেববর্মা এবং অমরজিৎ দেববর্মার করা আবেদনগুলি আগামী ৩ মাসের মধ্যে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।আদালতের এই নির্দেশের পর খুশির আমেজ আবেদনকারীদের মধ্যে। মামলার গতিপ্রকৃতি এবং আদালতের নির্দেশিকা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন আইনজীবী এন্ট্রিনি দেববর্মা। আদালতের এই পর্যবেক্ষণকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন।অন্যদিকে, বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজেও সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান। তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, আদালতের এই নির্দেশে তাতে নতুন মাত্রা যোগ হলো। ৩ মাসের মধ্যে আবেদনের নিষ্পত্তির বিষয়ে তিনি আশাবাদী।
এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া এই ৩ মাস সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের এই সংবেদনশীল বিষয়টি নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।