
প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার চারিপাড়ায় তাঁর বাসভবনে অনুষ্ঠিত হল এক স্মরণসভা ও নরনারায়ণ সেবা। দিনটি ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এলাকাজুড়ে।
চারিপাড়ায় প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের বাসভবনে এদিন সকাল থেকেই ভিড় জমান দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ফুল-মাল্য দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আয়োজন করা হয় স্মরণসভা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভগিনী মিনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি মণীশ দেব সহ অন্যান্য বিশিষ্টজনরা।স্মরণসভার পাশাপাশি নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়, যেখানে বহু মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রয়াত এই নেতার সমাজসেবামূলক কাজ ও রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করেন উপস্থিত বক্তারা।দিলীপ সরকারের আদর্শ ও কর্মজীবন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে— এমনটাই মত উপস্থিত সকলের।
প্রয়াত নেতার স্মৃতিচারণায় এদিন চারিপাড়ায় যেন ফিরে এল তাঁর কর্মময় জীবনের নানা মুহূর্ত।