
আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক প্রচার। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে শহরজুড়ে শুরু হয়েছে জোরদার বাড়ি বাড়ি প্রচার। এই প্রচারে নেতৃত্ব দিতে দেখা গেল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে।
ধর্মনগর শহর থেকে শহরতলী—সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে সোমবার জোরদার বাড়ি বাড়ি প্রচার চালানো হয়।এই প্রচারে নেতৃত্ব দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ণালী গোস্বামী, বিশ্বজিৎ দেব, নবনীতা আচার্য এবং প্রদ্যুৎ দে সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্ব।প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিজেপি প্রার্থীর পক্ষে সমর্থন চান নেতারা। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, জহর চক্রবর্তী একজন সজ্জন ও নম্র ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে আসছেন। দল তাঁর উপর সম্পূর্ণ আস্থা রেখেই প্রার্থী করেছে।তিনি আরও দাবি করেন, আসন্ন উপনির্বাচনে জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়ী হবেন এবং বিরোধী শিবিরের ফল অত্যন্ত খারাপ হবে।
উপনির্বাচনকে ঘিরে ধর্মনগরের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সব দলই জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ায় আগামী দিনে লড়াই আরও জমজমাট হতে চলেছে।