
দশদা-কম্বলটিলা বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। সবজি ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয় তাকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক।
রবিবার রাতে কাঞ্চনপুর মহকুমার দশদা-কম্বলটিলা বাজার এলাকায় ঘটে যায় এক রোমহর্ষক ঘটনা। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সবজি ব্যবসায়ী অশ্বিনী শুক্লবৈদ্য।ঠিক সেই সময় মাঝ রাস্তায় আচমকা দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।এদিকে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। একাধিকবার ফোন করার পর অবশেষে রাত সাড়ে ১০টা নাগাদ ফোন রিসিভ করে আহত অবস্থার কথা জানান ব্যবসায়ী, যদিও নিজের অবস্থান জানাতে পারেননি।পরে মোবাইলের সাহায্যে তাকে খুঁজে বের করে উদ্ধার করে পরিবার। প্রথমে নিয়ে যাওয়া হয় দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কাঞ্চনপুর হাসপাতালে রেফার করা হয় এবং পরে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশ্বিনী শুক্লবৈদ্য। চিকিৎসকদের মতে, তিনি আপাতত স্থিতিশীল।এদিকে কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের আগে এমন ঘটনায় গোটা এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।