
ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের মধ্যে ভারতের সংবিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের 'কনস্টিটিউশনাল ল সোসাইটি'। সোমবার আগরতলাস্থিত ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির (NFSU) ক্যাম্পাস প্রাঙ্গণে সংবিধানের বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি হলো তার সংবিধান। আর এই সংবিধান সম্পর্কে আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের সঠিক ধারণা দিতে এগিয়ে এল আইসিএফএআই ইউনিভার্সিটি ত্রিপুরার ফ্যাকাল্টি অফ ল-এর অন্তর্গত 'কনস্টিটিউশনাল ল সোসাইটি'। আগরতলার ফরেনসিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে এদিন আয়োজিত হয় এই বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা।এদিনের সভায় উপস্থিত ছিলেন আইসিএফএআই এবং ফরেনসিক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। বক্তারা তাদের আলোচনায় ভারতের সংবিধানের মৌলিক অধিকার, কর্তব্য এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং দেশের আইনের শাসন সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি জারি থাকবে।
সংবিধানের মর্যাদা রক্ষা এবং এর আদর্শকে পাথেয় করে তরুণ সমাজ যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই বার্তাই উঠে এল এদিনের আলোচনা সভা থেকে।