
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে রাজ্যে। আজ সোমবার ১২ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানখালা এলাকায় একটি বিশাল নির্বাচনী প্রচারসভার আয়োজন করে তিপ্রা মথা। দলের মনোনীত প্রার্থী জেমস দেববর্মার সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। ব্লক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নেতারা কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই সভায় যোগ দেন।
সোমবার ১২ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের চানখালা এলাকা কার্যত হয়ে ওঠে জনসমুদ্র। উদ্দেশ্য, আসন্ন নির্বাচনে তিপ্রা মথা মনোনীত প্রার্থী জেমস দেববর্মার সমর্থনে জনমত গঠন।এদিনের এই গুরুত্বপূর্ণ প্রচারসভায় উপস্থিত ছিলেন প্রার্থী জেমস দেববর্মা স্বয়ং। এছাড়াও উপস্থিত থেকে সভার গুরুত্ব বাড়িয়ে তোলেন প্রাক্তন ইএম সুহেল দেববর্মা, সেন্ট্রাল TWF প্রেসিডেন্ট মনিহার দেববর্মা।স্থানীয় স্তরের সাংগঠনিক শক্তি প্রদর্শনে সভায় উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট YTF ব্লক কমিটি প্রেসিডেন্ট রিতন দেববর্মা এবং রামচন্দ্রঘাট TMP ভাইস প্রেসিডেন্ট রূপু দেববর্মা। বক্তারা তাদের বক্তব্যে এলাকার উন্নয়ন এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। প্রার্থী জেমস দেববর্মা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন এবং জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেন।
এখন দেখার, রামচন্দ্রঘাটের এই প্রচারের ঢেউ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে। তবে চানখালার এই সভা ঘিরে কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে।