
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করতে গোমতি জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে কাকরাবন ব্লকের গঙ্গাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হলো একদিনের মেগা আইনী সচেতনতা শিবির।
রবিবার সকালে কাকরাবন ব্লকের গঙ্গাছড়া স্কুল মাঠে শুরু হয় এই মেগা আইনী সচেতনতা শিবির। শিবিরে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের মোট ১৮টি স্টল স্থাপন করা হয়। শিক্ষা, আইন, কৃষি, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, মৎস্য, ক্রীড়া ও বন দপ্তরসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সাধারণ মানুষের কাছে সরাসরি তাদের পরিষেবা ও তথ্য তুলে ধরে।এদিন শিবিরের মাধ্যমে এক হাজারেরও বেশি সুবিধাভোগীর হাতে বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি আধার কার্ড ও নাগরিকত্ব সংক্রান্ত পরিষেবাও প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।বিশেষভাবে পাঁচজন দিব্যাঙ্গ ব্যক্তিকে চলাচলের সহায়ক সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও গঙ্গাছড়া স্কুলের পাঁচজন ছাত্রছাত্রীকে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।শিবিরে বাল্যবিবাহ ও নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথনাটকও পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইন সেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান রভী ডাইয়া, জেলা সচিব রাজা গুপ্তা, গোমতি জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডঃ রিশভ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সংশ্লিষ্ট মহলের মতে, এই মেগা আইনী সচেতনতা শিবির সাধারণ মানুষের মধ্যে আইনী জ্ঞান বৃদ্ধি ও সরকারি পরিষেবার প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।