ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় বৃদ্ধা মাকে অবহেলার অভিযোগ, চাঞ্চল্য এলাকাজুড়ে

তেলিয়ামুড়া মহকুমার দশমি ঘাট এলাকায় সামনে এসেছে এক মানবিক অবক্ষয়ের চিত্র। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা সুভন সরকার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে একাই জীবনযাপন করছেন।
অভিযোগ, তার চারজন সন্তান থাকা সত্ত্বেও কেউই নিয়মিত মায়ের খোঁজখবর নেন না। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় দিন কাটছে ওই বৃদ্ধার।এলাকাবাসীর দাবি, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে একজন মেয়ে সোমা সরকার বর্তমানে মহাকরণে সরকারি চাকরিতে কর্মরত হলেও মায়ের প্রতি দায়িত্ববোধ দেখানো হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, বড় ছেলে বাবুল সরকার মায়ের অসুস্থতার সময় কিছুটা পাশে দাঁড়ালেও সম্পত্তি বিক্রি করে তার কাছে যেতে চাইলে অন্যান্য সন্তানরা তাতে বাধা দেয়। এমনকি সম্পত্তি বিক্রির কাগজে সই না করে নগদ অর্থ দাবি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, আইন অনুযায়ী সন্তানদেরই বৃদ্ধ পিতা–মাতার দেখভালের দায়িত্ব রয়েছে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।