
অশোকাষ্টমী মেলাকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ঊনকোটিতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আগামী ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হতে চলা বার্ষিক মেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।
মন্দির চত্বর ও আশপাশের এলাকাকে দর্শনার্থীদের জন্য উপযোগী করে তোলার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রবিবার ঊনকোটিতে গিয়ে দেখা যায়, রাজ্য ও বহিরাজ্য থেকে আগত অসংখ্য দর্শনার্থীর ভিড়ে সরগরম হয়ে উঠেছে এই ঐতিহাসিক তীর্থস্থান।মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের অস্থায়ী স্টল তৈরির কাজ শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা বিক্রেতারাও দোকান সাজাতে ব্যস্ত। ফলে মেলাকে ঘিরে ব্যবসায়ী মহলেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।তবে জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন এক ব্যবসায়ী।
২৫ মার্চ বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারারাত ধরে চলবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। । সব মিলিয়ে শৈবতীর্থ ঊনকোটিকে ঘিরে আবারও জমে উঠেছে ধর্মীয় ও পর্যটনের আবহ।