
সারা রাজ্য থেকে ড্রাগ আসক্ত এবং রাস্তার ভবঘুরে মানুষদের তুলে এনে সুস্থ জীবনের দিশা দেখায় ‘স্বপ্না ফাউন্ডেশন’। বর্তমান সময়ে যখন ড্রাগস বিরোধী প্রচার তুঙ্গে, তখন এই বেসরকারি সংস্থাটি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আজ সেই চাকা থমকে যাওয়ার পথে। সংস্থার কর্ণধর শুভম বিশ্বাস এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।শুভম জানান, বর্তমানে ফাউন্ডেশনের আবাসিকদের খাওয়া-দাওয়া, চিকিৎসার ওষুধ, ঘরের ভাড়া এবং গাড়ির খরচ মিলিয়ে মাসে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে এখনও মেলেনি কোনো আর্থিক সহযোগিতা। তিনি আক্ষেপের সুরে বলেন, বহু মন্ত্রী-বিধায়কের দুয়ারে ঘুরলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তবে ব্যতিক্রম হিসেবে পাশে দাঁড়িয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, যিনি আগামীতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।ভিডিও বার্তার মাধ্যমে সরকারের কাছে শুভমের আকুল আবেদন—যদি প্রশাসন এই মানবিক উদ্যোগটির গুরুত্ব বিবেচনা করে সহায়তার হাত বাড়িয়ে দেয়, তবেই হয়তো এই মানুষগুলো ফিরে পাবে তাদের স্বাভাবিক জীবন। অন্যথায় আর্থিক ঋণের বোঝায় এই মহৎ কাজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন দেখার, সরকার কি এই মানবিক আবেদনে সাড়া দেবে? নাকি এভাবেই অবহেলায় হারিয়ে যাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত আরও একটি প্রতিষ্ঠান।