
আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয় এই বৈঠকে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রা এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায় যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে উপনির্বাচনকে ঘিরে প্রশাসনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। জেলাশাসক জানান, ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৪ হাজার ১৪৩ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৬৩ জন মহিলা ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে মোট ৫৫টি পোলিং স্টেশন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে ৬টি নাকা চেকিং পয়েন্ট স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে জেলাজুড়ে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের কোনো সংকট নেই বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।এদিকে জেলা পুলিশ সুপার অবিনাশ রায় জানান, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে।
জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সকল ভোটারকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।