
এডিসি নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই পাহাড়ি রাজনীতিতে বাড়ছে উত্তাপ। কাঞ্চনপুরে বিশাল গণসমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শন করল আইপিএফটি।
মঙ্গলবার কাঞ্চনপুরের আইএসবিটি প্রাঙ্গণে আইপিএফটির উত্তর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল মেগা গণসমাবেশ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই সভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের সূচনা করে দল।এই গণসমাবেশে উপস্থিত ছিলেন আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং, কাঞ্চনপুর অঞ্চল কমিটির সভাপতি সুকুমার রিয়াং, অর্গানাইজেশন সম্পাদক উদাররাম রিয়াং সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে সমাবেশস্থল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সমাবেশের মাধ্যমে আসন্ন এডিসি নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করল আইপিএফটি।সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন, পাহাড়ি এলাকায় নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর আইপিএফটি।
সব মিলিয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের পালা। বিশাল এই গণসমাবেশ সেই লড়াইয়েরই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।