
ঘটনা ধর্মনগরের টঙ্গিবাড়ি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের। মৃত যুবকের নাম সুকান্ত দেব। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরার পর আবার বাইরে বেরিয়ে গিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না মেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।সুকান্তকে ডাকাডাকি করেও যখন কোনো সাড়া মেলেনি, তখন দরজা ভেঙে ভেতরে ঢোকেন পরিজনরা। ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ সবার। দেখা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সুকান্তর নিথর দেহ। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। তবে আত্মহত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কোনো মানসিক অবসাদ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।