
বিশালগড়ের মোড়াবাড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি পরিবারসহ পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি। বৈদ্যুতিক ফ্রিজে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার প্রাথমিক অনুমান।রবিবার দুপুরে বিশালগড় মোড়াবাড়ি এলাকার বাসিন্দা কেবল সাহার বাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা যায়, বাড়ির একটি বৈদ্যুতিক ফ্রিজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।ঘটনার সময় ঘরের ভেতরে একটি গ্যাস সিলিন্ডারও ছিল। পরিস্থিতি বেগতিক বুঝে পরিবারের সদস্যরা দ্রুত সেটিকে বাইরে বের করে আনেন এবং সবাই নিরাপদ স্থানে সরে যান।এরপর খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে কেবল সাহার বাড়িসহ আশেপাশের একাধিক বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।তবে এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর না থাকলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।