
মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মোহনপুর মহকুমা পুলিশ। সিধাই থানার অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানাধীন বালুর বন্ধ এডিসি ভিলেজে অভিযান চালায় পুলিশ। মৃত নরেন্দ্র দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।এই অভিযানে মোট ২২৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই বাড়ি থেকেই নরেন্দ্র দেববর্মার ছেলে অনিল দেববর্মাকে গ্রেফতার করা হয়। গতকাল রাত সাড়ে দশটা থেকে শুরু হয়ে আজ ভোর পর্যন্ত চলে পুলিশের এই অভিযান।মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত জানান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনার পর এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রেফতার অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মোহনপুরের এসডিপিও আশীষ দাসগুপ্ত।