
অশোকাষ্টমী তিথিকে সামনে রেখে মোহনপুরের ব্রহ্মকুণ্ড মেলার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এদিন ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের সংস্কৃতি মঞ্চের সামনে অনুষ্ঠিত হলো মেলার দ্বিতীয় প্রস্তুতি সভা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল, অ্যাডিশনাল এসডিএম ধৃতিশেখর রায়, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।সভায় জানানো হয়, আগামী ২৫ মার্চ অশোকাষ্টমী উপলক্ষে শুরু হবে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা, যা চলবে ২৭ মার্চ ভোর পর্যন্ত। মেলায় অন্যান্য বছরের মতোই বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এছাড়াও ট্যুরিজম দপ্তরের উদ্যোগে মেলা প্রাঙ্গণে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এর ফলে এবছর সরকারি স্টলগুলির অবস্থানে কিছু পরিবর্তন থাকতে পারে বলে জানানো হয়েছে।মেলায় আগত দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তর যৌথভাবে কাজ করবে বলেও জানিয়েছেন অ্যাডিশনাল এসডিএম ধৃতিশেখর রায়।
প্রশাসনের আশা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ব্রহ্মকুণ্ড মেলাও শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।