ত্রিপুরা
img

মহিলাকে ধর্ষণের চেষ্টা ও মারধর, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

চুরাইবাড়ি এলাকায় এক মহিলাকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা শুকুর আলী দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিন সন্তানের জননী ওই মহিলা তার প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত।মহিলা বাধা দিলে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করা হয়। এসময় এলাকাবাসীরা জড়ো হলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী মহিলা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শুকুর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।স্থানীয়দের দাবি, এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। তার আচরণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকার বাসিন্দারা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।