
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করলেও বঞ্চনার অভিযোগ তুললেন জনজাতি খেলোয়াড়রা। জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সরব হলো টিএসএফ।
ক্যারাটে, তাইকুন্ডু, কিক বক্সিং সহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জয়ী বহু জনজাতি খেলোয়াড় রয়েছেন রাজ্যে। নিয়ম অনুযায়ী জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।এই অভিযোগ নিয়েই শুক্রবার লেম্বুছড়ায় অবস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের ট্রাইব্যাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের ডিরেক্টর রঞ্জিত দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন টিএসএফ নেতৃত্ব। তবে তাদের দাবি, আলোচনায় কোনো সন্তোষজনক উত্তর পাননি তারা।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিএসএফ-এর সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন খেলায় প্রায় ৫০০ জন জনজাতি খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জিতেছেন। কিন্তু আর্থিক সুবিধাভোগীর তালিকায় মাত্র ৯৫ জনের নাম রয়েছে।
খেলোয়াড়দের এই অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে জনজাতি কল্যাণ দপ্তরের ভূমিকা নিয়ে। এখন দেখার বিষয়, দপ্তর এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।