ত্রিপুরা
img

লেক চৌমুহনী বাজারে প্রশাসনের অভিযান, বাজেয়াপ্ত নকল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী

বুধবার সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে আগরতলার লেক চৌমুহনী বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মাছ বাজার, মুদি দোকান, ফলের দোকান, খাবারের দোকান এবং হার্ডওয়্যার দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালীন মাছের মধ্যে ফরমালিন রয়েছে কিনা তা পরীক্ষা করতে একাধিক মাছের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি দোকানগুলিতে ব্যবহৃত ওজন মাপার যন্ত্রও পরীক্ষা করা হয়। বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ফলের জুস এবং বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়।এছাড়াও প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে মোটা অংকের জরিমানাও করা হয়েছে।
প্রশাসনের এই অভিযানে বাজারে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য দেখা দিলেও সাধারণ ক্রেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।