
নারীশক্তির অদম্য সাহস, সংগ্রাম ও সাফল্যকে সম্মান জানাতে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হলো ‘সানরাইজ বীরাঙ্গনা’ সম্মাননা অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা রাজ্যের ২০ জন কৃতি নারীকে এদিন সম্মানিত করা হয়।
সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রিকেটার, ফুটবলারসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের হাতে তুলে দেওয়া হয় ‘সানরাইজ বীরাঙ্গনা’ সম্মাননা। পাশাপাশি স্পোর্টস স্কুল মহিলা ফুটবল টিম এবং এগিয়ে চল সংঘ মহিলা ক্রিকেট দলকেও এই সম্মানে ভূষিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নীলাঞ্জনা ঘোষ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার প্রথম নারী ব্যান্ড ‘মেঘবালিকা’র পরিবেশনা। তাদের সুরের জাদুতে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে ওঠেন এবং পুরো অনুষ্ঠানটি পায় এক ভিন্ন মাত্রা।সম্মাননা প্রাপ্ত ২০ জন নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্পও সংক্ষেপে তুলে ধরা হয় অনুষ্ঠানে। বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীরা আর পিছিয়ে নেই, বরং প্রতিটি ক্ষেত্রে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।
অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়। নারীশক্তির সম্মান ও প্রেরণায় ভরা এই অনুষ্ঠান আগরতলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।