
সাংবাদিক এবং ক্রীড়া দপ্তরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগরতলার ভোলাগিড়ি মাঠে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট ম্যাচ। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে অংশ নেয় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং ক্রীড়া দপ্তরের দল।
শনিবার ভোলাগিড়ি মাঠে অনুষ্ঠিত হয় এই বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ। ম্যাচে টসে জিতে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অধিনায়ক অভিষেক দে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ক্রীড়া দপ্তরের দলকে।প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্রীড়া দপ্তরের দল সংগ্রহ করে ১৪১ রান।জবাবে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেটাররা নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সক্ষম হয়। ফলে ম্যাচে ১১ রানের জয় তুলে নেয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দল।ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। রানার্স আপ হিসেবে ট্রফি পায় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।এদিন মাঠে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব অনির্বাণ দেব, সভাপতি সরযু চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্যরা।
এই প্রীতি ম্যাচের মাধ্যমে সাংবাদিক ও ক্রীড়া দপ্তরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা প্রকাশ করেছেন আয়োজকরা।