
পুর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার বাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা লুট ও মারধরের অভিযোগ উঠল আগরতলায়। এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্য তথা আইনজীবী মিনহাজ আলম। অভিযোগ অনুযায়ী, গত ২৪ নভেম্বর রাত প্রায় ১০টা নাগাদ ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। অভিযোগ, হামলাকারীরা রাজনৈতিক স্লোগান দিতে দিতে বাড়িতে ঢুকে একটি ঘর ক্ষতিগ্রস্ত করে এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। পাশাপাশি নূর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগও উঠেছে। মিনহাজ আলমের দাবি, তাঁকেও আক্রমণের উদ্দেশ্যে হামলাকারীরা বাড়িতে এসেছিল। তবে তিনি বিল্ডিং চত্বরে থাকায় রক্ষা পান। ঘটনার পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় অভিযোগ এনে হামলাকারীদের শনাক্তকরণ, পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনের ঠিক আগে এই অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে।