
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আর.কে. পুর থানার পুলিশ। মঙ্গলবার ২৪ নভেম্বর বিকেলে উদয়পুর মহকুমার শালগড়া লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮ থেকে ১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। বুধবার উদয়পুরে সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ গোপন সূত্রে খবর আসে, শালগড়া লিচুবাগান এলাকায় কয়েকজন ব্যক্তি স্থানীয় যুবকদের কাছে বিক্রির উদ্দেশ্যে মাদক প্যাকেটজাত করছে। সেই খবরের ভিত্তিতে এসআই দীপাঞ্জন মজুমদার ও এসআই অজয় দেবনাথের নেতৃত্বে বিশেষ পুলিশ দল গঠন করা হয়। এরপর বিকেল ৫টা নাগাদ অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করা হয়। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত ও সিলমোহর করা হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।