
মাত্র ১০ বছর ৪ মাস বয়স পার্থিব দত্তের। বিশ্রামগঞ্জের লালটিলা ডন বস্কো স্কুলের চতুর্থ শ্রেণির এই ছাত্রের ১৫ নভেম্বর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে কলকাতার টাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। পরিবারের দাবি, চিকিৎসক চিকিৎসার জন্য অন্তত ১৫ লক্ষ টাকা প্রস্তুত রাখতে বলেছেন, তবে এর চেয়েও বেশি অর্থের প্রয়োজন হতে পারে। হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছেন বাবা রাজু দত্ত। এদিকে সোমবার সকালে বিশ্রামগঞ্জ ইটভাট্টা এলাকায় নিজের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান মা প্রমিলা দত্ত। তাঁদের একমাত্র সন্তান পার্থিবের চিকিৎসা চালিয়ে যেতে পরিবারের পক্ষে বিপুল অর্থের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন মা।