
আসন্ন ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক প্রচার সামগ্রী নষ্ট করার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলেছেন সিপিআই(এম) মনোনীত প্রার্থী জামিল আহমেদ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের দলের নির্বাচনী প্রচার সামগ্রী নষ্ট করা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। জামিল আহমেদ আরও জানান, এর আগেও একই ধরনের অভিযোগ নিয়ে ধর্মনগর থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁর দাবি। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রচারের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে অবিলম্বে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আসন্ন পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি। ভোটারদের উদ্দেশেও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার বার্তা দেন সিপিআই(এম) প্রার্থী জামিল আহমেদ।