ত্রিপুরা
img

সিপিআই(এম) করার অভিযোগে বাড়িতে হামলা, আক্রান্ত পরিবারের পাশে জিতেন্দ্র চৌধুরী !

বিরোধী দল সিপিআই(এম)-এর রাজনীতি করার কারণে এক দলীয় কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ছাতারিয়া এলাকায়। অভিযোগ, চলতি মাসের ২১ তারিখ গভীর রাতে ছাতারিয়া এলাকার বাসিন্দা রঞ্জন মজুমদারের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতকারী। বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করা হয়। এতে বাড়ির দরজা ও জানালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। এই হামলার পেছনে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিরোধী দল। ঘটনার পর রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে ছাতারিয়ায় যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিরোধী দলনেতা।