
ঐতিহ্যবাহী কমলাসাগর কসবা দিঘিতে মাছের ব্যাপক মড়ক এবং জল থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মন্দিরে আগত পুণ্যার্থী ও সাধারণ মানুষ, সকলেই দিঘির জল দূষণের অভিযোগ তুলে সরব হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় থেকে দুই মাস ধরে দিঘিতে মাছের মড়ক দেখা দিয়েছে। প্রতিদিনই বড় আকারের মৃত মাছ জলের উপর ভেসে উঠছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজিরও বেশি মাছ মারা গিয়েছে। মৃত মাছগুলির অধিকাংশের ওজন পাঁচ থেকে সাত কেজি। দীর্ঘদিন ধরে মৃত মাছ জলে পড়ে থাকায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে অসহনীয় পচা দুর্গন্ধ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দিঘির জল অপরিষ্কার অবস্থায় পড়ে থাকলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে ঐতিহ্যবাহী কসবা মন্দিরে আগত পুণ্যার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।