
প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই ধর্মনগরে নির্বাচনী জনসভা করল সিপিআইএম। শনিবার ডিএনভি ময়দানে ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এদিনের জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার অভিযোগ করেন, বামফ্রন্ট সরকারের আমলে শুরু হওয়া উন্নয়নমূলক কাজের কৃতিত্ব বর্তমান বিজেপি সরকার নিজেদের বলে প্রচার করছে। তাঁর আরও অভিযোগ, শাসকদলের নেতাদের কাটমানি ও বিভিন্ন অনিয়মের কারণে বহিরাজ্যের ঠিকাদাররা এখন ত্রিপুরায় কাজ করতে আসছেন না। নির্বাচন প্রসঙ্গে বিরোধীদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগও তোলেন তিনি। মানিক সরকারের দাবি, কয়েকটি পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলিকে প্রার্থী দিতে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপি সরকার প্রতিশ্রুতির উপর নির্ভর করে চলছে বলেও কটাক্ষ করেন তিনি। এদিনের সভা থেকে ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থীদের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান বাম নেতৃত্ব।