
পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়ানো এবং ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিলোনিয়ার ঈশান চন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একদিবসীয় কর্মশালা। মাটির প্রদীপ, দেয়ালচিত্র সহ পূজার বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ নিল ছাত্রছাত্রীরা।ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে শনিবার এই কর্মশালার আয়োজন করে ঈশান চন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কর্মশালায় স্থানীয় মৃৎশিল্পীদের মাধ্যমে পড়ুয়াদের শেখানো হয় মাটি দিয়ে কীভাবে মাটির প্রদীপ, দেয়ালচিত্র এবং পূজার বিভিন্ন সামগ্রী তৈরি করতে হয়। শুধু দেখে শেখাই নয়, ছাত্রছাত্রীরা নিজেরাও হাতে-কলমে এই প্রশিক্ষণে অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ। এই শিল্পের সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করিয়ে দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। কর্মশালার শেষে পড়ুয়ারা পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার, পূজায় মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার বৃদ্ধি এবং মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।