
শনিবার নির্বাচনী প্রচারের শেষলগ্নে রামনগরের তিনটি ওয়ার্ডে জোটের শক্তি প্রদর্শনে একযোগে রাজপথে নামল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিখা ব্যানার্জি, ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নারায়ণ দে এবং ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ভাস্বতি দেববর্মার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুরনিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় রামনগর মণ্ডল কার্যালয়ের সামনে। নির্বাচনের আগে তিন ওয়ার্ডে এই যৌথ প্রচারকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।