
জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের জাঙ্গালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। বর্ষাকালে কাদায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। পাশাপাশি ভাঙা কালভার্টও তৈরি করেছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, কয়েকদিন আগে এক গর্ভবতী মহিলাকে কাদামাখা রাস্তা দিয়ে কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হন স্থানীয়রা। অন্যদিকে, ভাঙা কালভার্টের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয় এক স্কুলপড়ুয়া ছাত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। রাস্তার বেহাল দশার কারণে জরুরি পরিস্থিতিতে দমকলের গাড়ি এলাকায় পৌঁছানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, বড় কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত পরিষেবা পৌঁছাবে? তাই অবিলম্বে রাস্তা সংস্কার এবং ভাঙা কালভার্ট পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন জাঙ্গালিয়াবাসী।