ত্রিপুরা
img

পুর নির্বাচনে নিরাপত্তা বাড়ছে, আসছে আরও ২৫ কোম্পানি বাহিনী

পুর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। আগামী ২৭ নভেম্বর রাজ্যের ১৬টি নগর সংস্থায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই বাহিনী ত্রিপুরায় পৌঁছানোর কথা। রাজ্যে আগে থেকেই মোতায়েন থাকা ১৪ কোম্পানি বাহিনীসহ নির্বাচনী নিরাপত্তার কাজে মোট ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী জানান, আগরতলা পুরনিগমের ৪৪০টি পোলিং স্টেশনসহ ১৬টি নগর সংস্থার প্রতিটি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য পুলিশের ডিজিপি, আইজি ল অ্যান্ড অর্ডার এবং নির্বাচন কমিশনের মধ্যে আলোচনার মাধ্যমে বাহিনী মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে। ইতিমধ্যেই পশ্চিম, সিপাহিজলা, দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করেছে কমিশন। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসডিপিও এবং সেক্টর অফিসারদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনের বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি জেলাগুলিতেও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে, নির্বাচনী কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, গ্রুপ ডি কর্মী এবং পুলিশকর্মীদের ভোটদানের জন্য ২১ ও ২২ নভেম্বর বিশেষ ফ্যাসিলিটেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মহকুমায় রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে চলছে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটার তালিকায় অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটারদের চিহ্নিত করে মার্কিং করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ভোটদানের বিষয়টি পৃথকভাবে চিহ্নিত করা হচ্ছে। ৮৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণের ব্যবস্থা না থাকা প্রসঙ্গে কমিশনার জানান, বর্তমান ত্রিপুরা কন্ডাক্ট অব ইলেকশন রুলসে এ ধরনের ব্যবস্থার কোনও আইনি সংস্থান নেই। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হলেও প্রস্তাবটি গৃহীত না হওয়ায় এবার এই সুবিধা চালু করা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে ভোটার, পোলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। কমিশনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।