দেশ
img

ওড়িশা উপকূলে আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান, দক্ষিণবঙ্গে দুর্যোগ

ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবে উত্তাল ওড়িশা উপকূল। নির্ধারিত সময়ের আগেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে শুরু হয়েছে ল্যান্ডফল। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে শুরু হওয়া এই প্রক্রিয়া আরও প্রায় দু’ঘণ্টা চলতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে উপকূলে পৌঁছে কিছুটা শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১১০ কিলোমিটারের পরিবর্তে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ নেমে এসেছে ৯০ কিলোমিটারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড়বৃষ্টি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তিন থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে।