ত্রিপুরা
img

জয়ের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক, সাব্রুমে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে

 আসন্ন পুর নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। সাব্রুম নগর পঞ্চায়েতের ক্ষমতা ধরে রাখতে এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক শিবির। বুধবার সাব্রুমের ঋষি অরবিন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি দ্বীপায়ন চৌধুরী, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক। আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে বুথস্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা, বিগত দিনের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দলীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার বার্তাও দেওয়া হয় নেতৃত্বের পক্ষ থেকে। সাব্রুম নগর পঞ্চায়েতের ক্ষমতা ধরে রাখতে শাসক দলের এই সাংগঠনিক বৈঠক কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।