
সাব্রুম মহকুমার মনুবাজার থেকে শ্রীনগর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ নিয়ে উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। কোটি টাকা ব্যয়ে নির্মিত পিসি ঢালাই রাস্তা কাজ শেষ হওয়ার মাত্র দু-একদিনের মধ্যেই উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি রাস্তার ঢালাইয়ের অংশ ও খোয়া হাত দিয়ে তুলে ফেলার দৃশ্যও সামনে এসেছে। দীর্ঘদিনের দাবির পর রাস্তা নির্মাণ হলেও ঠিকাদারি সংস্থা নিম্নমানের কাজ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। পাশাপাশি কাজের তদারকিতে পূর্ত দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। রাস্তার বেহাল অবস্থায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের। দ্রুত রাস্তার গুণগত মান পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এখন দেখার, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কী পদক্ষেপ গ্রহণ করেন।