
জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদয়পুর সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো জেলা স্তরের কর্মশালা। রাজ্য সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর এবং জনগণনা পরিচালন অধিদপ্তর, ত্রিপুরার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জনগণনা পরিচালন অধিদপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জিত দেববর্মা-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মশালায় অধিকর্তা রতন বিশ্বাস জানান, বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জনগণনার প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ জনসংখ্যা গণনার কাজ ত্রিপুরায় ২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর আগে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত নাগরিকরা স্ব-গণনার সুযোগ পাবেন। এই পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, অভিবাসন এবং প্রজনন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। থাকবে ৪০টি প্রশ্ন সংবলিত প্রশ্নপত্র। গৃহহীন জনগোষ্ঠীকেও গণনার আওতায় আনা হবে। উল্লেখ্য, জনগণনা ২০২৭ হতে চলেছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণে ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবভিত্তিক প্রযুক্তি। কর্মশালায় জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আধিকারিকদের দায়িত্ব, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।