
আগামী ২৭ নভেম্বর রাজ্যের পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবার প্রশাসনিক প্রস্তুতি জোরদার করল গোমতী জেলা প্রশাসন। বুধবার গোমতী জেলা জেলাশাসক ও সমাহর্তার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। প্রথম পর্যায়ে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী বিধিনিষেধ কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী, কমিশনের সচিব অনুরাগ সেন, আইজি মঞ্চক ইপার, গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস, অতিরিক্ত জেলাশাসক সঞ্জিত দেববর্মা সহ প্রশাসন ও পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে আসন্ন পুর নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।