ত্রিপুরা
img

কৈলাসহরে বিজেপির প্রচারসজ্জা নষ্টের অভিযোগ, থানায় যুব মোর্চা

কৈলাসহর পুরপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি মনোনীত প্রার্থীদের প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ তুলে এবার কৈলাসহর থানার দ্বারস্থ হলো বিজেপি যুব মোর্চা। ঊনকোটি জেলা বিজেপির সভাপতি বিমল কর, সহ-সভাপতি অরুণ সাহা এবং যুব মোর্চা সম্পাদক সুজিত সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। থানার ওসি অনুপস্থিত থাকায় অন্য এক পুলিশ আধিকারিকের হাতে অভিযোগপত্র তুলে দেন তাঁরা। যুব মোর্চার অভিযোগ, শহরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতী বিজেপির প্রচারসজ্জা নষ্ট করছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি রাতের বেলা পুলিশের টহলদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা। নির্বাচনকে সামনে রেখে প্রচারসজ্জা নষ্টের এই অভিযোগ ঘিরে কৈলাসহরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।