দেশ
img

উৎসবের মরশুমে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

উৎসবের মরশুমের শুরুতেই ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ অক্টোবর থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বিভিন্ন শহরে ৬২ টাকা ৫০ পয়সা থেকে ৭১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বেড়েছে।দুর্গাপূজা, নবরাত্রি ও দীপাবলির আগে বাণিজ্যিক LPG-র দাম বাড়ায় চাপ বাড়ল হোটেল, রেস্তরাঁ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর। ১ অক্টোবর থেকে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২ হাজার ৮১০ টাকা। কলকাতায় ২ হাজার ৯৫৪ টাকা, মুম্বইয়ে ২ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ২ হাজার ৯৮৩ টাকা।এই মূল্যবৃদ্ধির প্রভাব বাণিজ্যিক রান্নার গ্যাস ব্যবহারকারী হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং ও অন্যান্য প্রতিষ্ঠানের খরচে পড়তে পারে। ফলে উৎসবের মরশুমে খাবারের দামের ওপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।তবে গৃহস্থের জন্য রয়েছে স্বস্তির খবর। ১৪.২ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দামে ১ অক্টোবর কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম রয়েছে ৯৬৮ টাকা।ত্রিপুরাতেও বাণিজ্যিক LPG-র দাম বেড়েছে। ১ অক্টোবর আগরতলায় ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৩১২ টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় ৭০ টাকা বেশি।