ত্রিপুরা
img

নয় বছর পরও সাংবাদিক হত্যা মামলায় ঝুলছে বিচার

নয় নয়টি বছর কেটে গেল! চার্জশিট জমা পড়েছে, একের পর এক সম্পূরক চার্জশিটও জমা হয়েছে ফাইলবন্দি হয়ে। কিন্তু যে রক্তের দাগ লেগেছিল নয় বছর আগে, তার বিচার কি আদৌ শেষ হবে? নাকি স্রেফ আইনি ফাইলের পাতাতেই চাপা পড়ে থাকবে সত্য? ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও ভারী প্রশ্ন ঘটনা ২০১৭ সালের সেপ্টেম্বরের। খবর সংগ্রহ করতে গিয়ে আর ফিরলেন না সাংবাদিক শান্তনু ভৌমিক। তার ঠিক দু’মাসের মাথায়, নভেম্বর মাসে, খোদ টিএসআর ব্যাটালিয়নের সদর দফতরের ভেতরে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন আরেক সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। রাজ্য রাজনীতি থেকে শুরু করে সারা দেশের সাংবাদিক মহলে তোলপাড় শুরু হয়েছিল। চাপের মুখে ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। একের পর এক তদন্ত এগোলো, চার্জশিট জমা পড়লো, এমনকি সম্পূরক চার্জশিটও পেশ হলো আদালতে। কিন্তু দীর্ঘ ৯টি বছর পার হয়ে যাওয়ার পরও কেন ঝুলে রইল বিচার প্রক্রিয়া? সময় যত গড়াচ্ছে, ততই কি আলগা হয়ে যাচ্ছে প্রমাণের জোর? সময়ের সঙ্গে সঙ্গে কি ফিকে হয়ে আসছে সাক্ষীদের স্মৃতি? বিধানসভাতেও উঠে এসেছে এই দীর্ঘসূত্রতার কথা। সিবিআই তদন্তের পরেও কেন এমন থমকে থাকা পরিস্থিতি? প্রশ্ন উঠছে—তবে কি এক একটি সাংবাদিকের প্রাণ স্রেফ আদালতের মোটা ফাইলের একেকটি পাতায় জমে থাকা সংখ্যা হয়েই থেকে যাবে?