
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনু বাজারে নির্বাচনী প্রচারে নামল বামফ্রন্ট। শনিবার বকাফা ব্লকের মনু বাজারে লালঝান্ডা হাতে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।মনপাথর ফাঁড়ি সংলগ্ন সিপিআইএম অঞ্চল কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি জাতীয় সড়ক ধরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মনু বাজারের নতুন বাজার শেডে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে নারী-পুরুষ-সহ বহু কর্মী ও সমর্থক অংশ নেন।সমাবেশে সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুধন দাস আসন্ন নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান। তাঁর বক্তব্য, উপজাতি এলাকার মানুষের অধিকার, স্বার্থ ও গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলনকে এগিয়ে নিতে বামফ্রন্টকে শক্তিশালী করা প্রয়োজন।বকাফা ব্লকের ১৪টি ভিলেজ থেকে বামফ্রন্টের ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে সিপিআইএমের ৪৩ জন এবং সিপিআইয়ের ৩ জন প্রার্থী রয়েছেন।সমাবেশে সুধন দাস ছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশুতোষ দেবনাথ এবং সিপিআই নেতা নরেন্দ্র রিয়াং। ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বামফ্রন্টের প্রচার আরও জোরদার করার বার্তা দেওয়া হয়।