ত্রিপুরা
img

জোলাইবাড়িতে তিপ্রা মথার নির্বাচনী প্রচার মিছিল

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে তৎপরতা বাড়াল তিপ্রা মথা। রামরাইবাড়ি আনন্দ বাজারে দলীয় উদ্যোগে আয়োজিত হয় নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা।সঞ্জয় মানিকের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালানো হয়। পরে রামরাইবাড়ি বাজারে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, পূর্ব মুহুরীপুর-ভুরাতলী এলাকার নির্বাচিত এমডিসি দেবজিৎ ত্রিপুরা-সহ দলের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।
সভায় জোলাইবাড়ির ১০টি ভিলেজে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার আরও জোরদার করার আহ্বান জানান তিপ্রা মথার নেতারা। দলীয় নেতৃত্বের দাবি, কর্মী-সমর্থকদের সাংগঠনিক তৎপরতার মাধ্যমে প্রতিটি ভিলেজে জনসংযোগ বাড়ানো হচ্ছে। কর্মসূচিতে প্রায় ৩০০ জন সমর্থক উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা নির্বাচনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনের পরেও সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচনকে ঘিরে বাধা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংগঠনকে সক্রিয় থাকতে হবে।