
কমলপুরে নাকা চেকিংয়ে বোলেরো গাড়ি থেকে উদ্ধার হল নগদ ৪০ লক্ষ টাকা। শনিবার রাতে দুর্গা চৌমুহনী এলাকায় তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ ও কমলপুর থানার ওসি সুমন আচার্যের নেতৃত্বে নাকা চেকিং চলছিল। সেই সময় সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা। আটক পাঁচজনের দাবি, টাকা সুপারি ব্যবসার লেনদেনের। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।উদ্ধার হওয়া টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।টাকার প্রকৃত উৎস, কী উদ্দেশ্যে এত নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আটক পাঁচজন ও উদ্ধার হওয়া টাকা আদালতে সোপর্দের প্রক্রিয়া শুরু হয়েছে।