
দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে গিয়ে আক্রান্ত এবং হাসপাতালে গিয়েও ছিনতাইয়ের শিকার—তেলিয়ামুড়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বিশ্বকর্মা পূজার রাতে দক্ষিণ পুলিনপুর বাইপাস সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় পড়ে থাকা এক পুরুষ, এক মহিলা ও এক শিশুকে উদ্ধার করতে এগিয়ে যান খোয়াই চেব্রি এলাকার বাসিন্দা যতন রুদ্র পাল ও তাঁর গাড়িচালক। সেই সময় কয়েকজন যুবক এসে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর দুর্ঘটনাগ্রস্ত তিনজনকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান যতনবাবু। কিন্তু অভিযোগ, হাসপাতালেও তাঁর গাড়িচালককে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং গলায় থাকা সোনার চেন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও অভিযোগ, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সামনেই ঘটে এই ঘটনা। শনিবার তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যতন রুদ্র পাল। এখন প্রশ্ন—দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করতে গিয়ে কারা হামলা চালাল? হাসপাতালের ভিতরে নিরাপত্তার মধ্যেই কীভাবে ঘটল এমন অভিযোগ? তদন্তে এবার আসল ঘটনা কতটা সামনে আসে, নজর সেদিকেই।