
ভোটের আগেই কি বড়সড় ভাঙনের জল্পনা বিজেপিতে? খোয়াইয়ের আশারামবাড়ি বিধানসভা এলাকার বনবাজার এডিসি ভিলেজে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থকের দল ছাড়ার সম্ভাবনা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। সূত্রের দাবি, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থেকেই একাধিক বৈঠক হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ফের বৈঠকের কথা রয়েছে। সত্যিই কি দলবদল, নাকি এর পেছনে অন্য রাজনৈতিক সমীকরণ? এই চাঞ্চল্যকর খবর উঠে এসেছে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকায়।
খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভা এলাকার বনবাজার এডিসি ভিলেজে বিজেপির অন্দরে অসন্তোষের জল্পনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।জেলা কমিটি গঠনের পর থেকেই স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। দীর্ঘদিনের অবহেলা এবং নেতৃত্বের উদাসীনতার অভিযোগ তুলে তাঁরা একজোট হচ্ছেন বলেও জানা গেছে।সূত্রের দাবি, বুদ্ধ রবি দাসের নেতৃত্বে ধনু বস্তি এলাকায় ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী-সমর্থকের তিপ্রা মথায় যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।আগামী ২ সেপ্টেম্বর ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই দলবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।সামনেই এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে এই ধরনের দলবদলের সম্ভাবনা ঘিরে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে বিজেপি শিবিরে। অন্যদিকে, এই পরিস্থিতি তিপ্রা মথার জন্য রাজনৈতিকভাবে বাড়তি সুবিধা তৈরি করতে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।তবে এখনও পর্যন্ত দলবদলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ফলে আগামী ২ সেপ্টেম্বরের বৈঠকের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।